নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ পরিচর্যা ও নতুন চারা রোপণ কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বর মোড় থেকে পান্থপথ মোড় পর্যন্ত সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি রাস্তার পাশে থাকা গাছগুলোতে পানি দেওয়া, গাছের পরিচর্যা এবং নতুন চারা রোপণ করা হয়।
কর্মসূচি সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী রাজধানীর পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি শুধু এক দিনের কর্মসূচি নয়; বরং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য। প্রত্যেকে যেন নিজ নিজ বাড়ির আঙিনা, মাঠঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হন, সে বার্তা পৌঁছে দিতে চাই আমরা।
তিনি জানান, প্রতি সপ্তাহে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কে পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষ পরিচর্যা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিচ্ছন্নতা ও বৃক্ষ পরিচর্যা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন মহি ও ইঞ্জিনিয়ার হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন চারটি থানার নেতৃবৃন্দ।