1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ

dokhinersomoy
November 14, 2026 1:30 am
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার অগ্রদূত ছিলেন। তাঁর শাসনামলে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় এবং মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। ভবিষ্যতে এ সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

নারীদের স্নাতক (বিএ) পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার উদ্যোগ নিতে তিনি সরকারপ্রধানকে অনুরোধ জানাবেন বলেও জানান।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদে সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরে স্পিকার বলেন, বর্তমানে জাতীয় সংসদে দলীয়ভাবে নির্বাচিত ৫০টি সংরক্ষিত নারী আসনের আর প্রয়োজন নেই। দেশের নারীরা এখন অনেক বেশি দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী। তাঁরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করার সক্ষমতা রাখেন।

তিনি বলেন, নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর উচিত ৩০০টি সাধারণ আসনের মধ্যে অন্তত এক-তৃতীয়াংশ, অর্থাৎ ১০০টি আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া। সরাসরি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হলেই নারীদের যোগ্যতা ও সক্ষমতা আরও সুপ্রতিষ্ঠিত হবে। অন্যথায় নারীরা প্রকৃত অর্থে স্বাবলম্বী হতে পারবেন না।

সংসদে বর্তমান নারী সংসদ সদস্যদের যোগ্যতা ও দক্ষতার প্রশংসা করে স্পিকার বলেন, তিনি ছয়টি সংসদ দেখেছেন। তবে এবারের সংসদে নারী সংসদ সদস্যদের মধ্যে বিশেষ দক্ষতা, প্রজ্ঞা ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছেন। তাঁদের মধ্যে ব্যারিস্টার, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা রয়েছেন। সংসদে তাঁদের বক্তব্য উপস্থাপনের ধরন, জ্ঞান ও সংসদীয় আচরণ তাঁকে মুগ্ধ করেছে।

এর আগে শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর কাকলীর মোড়, নগর ভবন ও বিবির পুকুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সানজিদা শাহনেওয়াজ ও সোনিয়া আল আকসা।

অনুষ্ঠানের একপর্যায়ে শত পাউন্ডের কেক কেটে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রোমিও ব্রাদার্সের পরিবেশনায় ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। এ ছাড়া বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণের এক প্রাণবন্ত উৎসবে।