গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, গত কয়েক দিনে তা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দায়িত্বশীল সূত্র থেকে জানাগেছে, চলমান ঘটনাগুলোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে সরকারের উচ্চ মহল। এদিকে সাম্প্রতিক ধারাবাহিক সহিংসতা ও নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’। এই গোষ্ঠী মাথা তুলে দাঁড়ানোর আগেই মাথা গুঁড়িয়ে দিতে হবে। পরদিন১৯ নভেম্বর লালমনিরহাটের জনসভায় আওয়ামী লীগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে।
সরকারের ভেতরে বেইরে মূল্যায়ন, আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা চাইছেন, নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগ। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্য নয়; এর রাজনৈতিক লক্ষ্যও রয়েছে বলে তাঁরা মনে করছেন। তাঁদের মূল্যায়ন হচ্ছে, আওয়ামী লীগ চাইছে, সরকার কঠোর বলপ্রয়োগের পথে যাক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে কিংবা হতাহতের ঘটনা ঘটলে তা সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগ তৈরি হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বিপুলসংখ্যক মানুষ নিহত হন। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে এখন। সরকার ও বিএনপিসংশ্লিষ্ট সূত্রগুলোর মূল্যায়ন হচ্ছে, আওয়ামী লীগ এখন বিএনপি সরকারকেও একই ধরনের পরিস্থিতিতে ফেলতে চাইছে। এ কারণে আওয়ামী লীগের সহিংসতা মোকাবিলায় সরকারের কৌশল হচ্ছে, এমন কোনো পদক্ষেপ না নেওয়া, যাতে ব্যাপক রক্তপাতের ঘটনা ঘটে। এই কৌশলের একটি রাজনৈতিক দিকও রয়েছে। ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সময় ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের’ অভিযোগ তুলেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ওই অভিযোগকে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচারেও ব্যবহার করা হয়েছিল। এখন একই ধরনের নাশকতার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নিজেও। দলটির নেতা-কর্মীরা হামলা, অগ্নিসংযোগের ঘটনা নিজেরাই ঘটনাস্থল থেকে সামাজিক মাধ্যমে প্রচার করছে।
সূত্র বলছে, আওয়ামী লীগ কতটা সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে পারে, সেটিও দেশবাসীর সামনে স্পষ্ট হতে দিতে চায় সরকার। তবে সহিংসতা আরও বাড়লে পরবর্তী ব্যবস্থা কঠোর হতে পারে- সূত্রগুলোর ভাষ্য এমনই। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য হচ্ছে, ‘ওয়েট অ্যান্ড সি! আমরা গণতান্ত্রিক, রাজনৈতিক এবং আইনানুগভাবে ফ্যাসিবাদী আচরণ মোকাবিলা করব। কোনো নিরীহ মানুষের জানমালের ক্ষতি হোক—এমন কিছু হতে দেব না। আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করে, একদলীয় বাকশাল করে, গুম-খুন করে, অগ্নিসন্ত্রাস করে বারবার তাদের চরিত্র প্রকাশ করেছে। এটা তাদের চরিত্র। আমরা তাদের কোনো উসকানিতে পা দেব না। তাদের কর্মকাণ্ড দেশবাসী এবং বিশ্ববাসী দেখেছে। আন্তর্জাতিক মহল তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন করছে, করবে।’
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য হচ্ছে, ‘আওয়ামী লীগ বেআইনি শক্তি, নিষিদ্ধ সংগঠন। যারা বেআইনি কর্মকাণ্ড করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আর রাজনৈতিক দল হিসেবে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে যেকোনো বেআইনি শক্তির মোকাবিলায় সজাগ থাকব, প্রস্তুত থাকব।’