1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে স্থানীয় নীতি সংলাপ, গঠিত হবে জ্বালানি রূপান্তর কমিটি

dokhinersomoy
November 26, 2026 10:16 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের অংশগ্রহণে ন্যায্য জ্বালানি রূপান্তরের লক্ষ্যে ‘জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ প্রতিপাদ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম, প্রান্তজন, আভাস ও আরোহীর যৌথ উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী।

সংলাপে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদা খানম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী দীপক মিস্ত্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর এবং পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়াসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রান্তজনের নির্বাহী পরিচালক ও জেটনেট-বিডির সদস্য সংগঠনের প্রতিনিধি তৌহিদুল ইসলাম শাহাজাদা। তিনি বলেন, স্থানীয় জ্বালানি বাস্তবতা, ক্রমবর্ধমান চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে জাতীয় নীতিমালার সঙ্গে যুক্ত করা জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন কর্মসূচির ব্যবস্থাপক ও জেটনেট-বিডির সদস্যসচিব আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, জীবাশ্ম জ্বালানির ওপর অতিনির্ভরশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং জেটনেট-বিডির নাগরিক দাবিনামার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বরিশালে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও প্রসার এবং এ খাতে স্থানীয় তরুণদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

সংলাপে বক্তারা বলেন, বরিশালের সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, কমিউনিটিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প, বায়োগ্যাস এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ এ অঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব সম্ভাবনা বাস্তবায়নে সরকারি নীতিগত সহায়তা, কর ও বিনিয়োগ সুবিধা বৃদ্ধি এবং বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

উন্মুক্ত আলোচনা পর্বে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া বরিশালে একটি বিশেষায়িত গবেষণা সেল প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তিনি বলেন, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনের ভিত্তিতে জ্বালানি রূপান্তর এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান খুঁজে পেতে এ ধরনের গবেষণা সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আভাসের উপনির্বাহী পরিচালক জান্নাতুল নাইম ঐশি বলেন, নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম ও প্রযুক্তির বাজার সম্প্রসারণে শুল্কছাড়সহ বিভিন্ন প্রণোদনা কার্যকর করা হলেও এসব সুবিধার সুফল যেন সরাসরি ভোক্তা পর্যায়ে পৌঁছায়, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা থাকা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার বলেন, “জনগণের জন্যই দেশ, আর জনগণের সমস্যা সমাধানের মধ্যেই দেশের প্রকৃত কল্যাণ নিহিত। নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং দেশের টেকসই উন্নয়নের স্বার্থে রাজনৈতিক নেতৃত্ব, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, সংলাপ থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে বরিশাল স্থানীয় জ্বালানি রূপান্তর কমিটি গঠন অন্যতম। এ লক্ষ্যে দ্রুত একটি প্রতিনিধিত্বশীল কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর জন্য বরিশাল টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান।

উল্লেখ্য, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) দেশব্যাপী নাগরিক সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম, যা ন্যায্য ও জনগণকেন্দ্রিক জ্বালানি রূপান্তরের পক্ষে কাজ করছে। একশনএইড বাংলাদেশ সংগঠনটির সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে।