দখিনের সময় ডেস্ক।।
হাইকোর্টের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে বাস মালিক সমিতি, সড়ক পরিবহন সমিতির নামে কোনো হরতাল অবরোধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রায়ে হাইকোর্ট বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুসারে আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।
রায়ের বিষয়ে বিআরটিএ’র আইনজীবী রাফিউল ইসলাম বলেন, আদালত বলেছেন হাইকোর্টের কোনো জাজমেন্ট অ্যান্ড ভার্ডিকের এগেইনস্টে কোনো স্ট্রাইক বা হরতাল ডাকা যাবে না। বাস মালিক সমিতি, ট্রান্সপোর্ট রিলেটেড মালিক অ্যাসোসিয়েশন বা শ্রমিক অ্যাসোসিয়েশন, কেউ ডাকতে পারবে না। মালিক সমিতি, শ্রমিক সমিতি এদের কেউও ডাকতে পারবে না।
রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।