1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

নভেম্বরের মধ্যেই উপজেলা পর্যায়ে যাবে নতুন পাঠ্যবই

dokhinersomoy
September 23, 2026 12:10 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত ও মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ বই সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বর্তমানে বিভিন্ন ছাপাখানায় প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিকসহ বিভিন্ন স্তরের বই ছাপার কাজ চলছে।
এনসিটিবি জানিয়েছে, বইয়ের মান নিশ্চিত করতে ছাপাখানা থেকে মাঠপর্যায়ে সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে নজরদারি বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ৫৩টি মনিটরিং দল কাজ করছে। মানদণ্ড পূরণ না করায় ইতোমধ্যে বিভিন্ন প্রেসের প্রায় সাড়ে চার লাখ ছাপানো ফর্মা এবং ২৭ হাজার নিম্নমানের বই বাতিল করা হয়েছে। এনসিটিবির ২২ সেপ্টেম্বরের উৎপাদন প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তর মিলিয়ে মোট ৩০ কোটি ৭১ লাখ ৯৮ হাজার ১০১ কপি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপির মধ্যে ৪২ লাখ ৬৬ হাজার ২৫৩টি, প্রাথমিকের ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টির মধ্যে ২ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৯৯৬টি এবং মাধ্যমিকের ২২ কোটি ১১ লাখ ৮২ হাজার ৫৯২টির মধ্যে ১ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ৪০০টি বই ছাপা হয়েছে। অর্থাৎ প্রাক-প্রাথমিকের প্রায় ৭৪ দশমিক ৪৫ শতাংশ, প্রাথমিকের ৩৬ দশমিক ৯৬ শতাংশ এবং মাধ্যমিকের প্রায় ৬ দশমিক ৯ শতাংশ বই মুদ্রণ শেষ হয়েছে। চুক্তিবদ্ধ ১১৩টি প্রেসের মধ্যে ৯১টিতে বর্তমানে বই ছাপার কাজ চলছে। পাশাপাশি কাগজের জিএসএম, উজ্জ্বলতা ও মুদ্রণের মান যাচাইয়ে প্রি-ডেলিভারি ইন্সপেকশন এবং ল্যাব পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে ৯টি প্রেসের কাগজের নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) পরীক্ষা করা হয়েছে এবং সেগুলো মানসম্মত পাওয়া গেছে।
এনসিটিবির কর্মকর্তারা জানান, প্রাক-প্রাথমিকের বইয়ের মুদ্রণ প্রায় শেষ পর্যায়ে এবং কয়েকটি উপজেলায় ইতোমধ্যে সরবরাহ শুরু হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে পর্যায়ক্রমে সব উপজেলায় বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইংরেজি ভার্সন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিশেষ বইগুলো জেলা পর্যায়ে পাঠানোর কথা রয়েছে। বই গ্রহণের সময় কোনো নিম্নমানের বই বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বড় প্রেসগুলোতে জেনারেটর রাখার ব্যবস্থাও করা হয়েছে। এনসিটিবির পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বই সরবরাহ শেষ করে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পুরো সেট পাঠ্যবই তুলে দেওয়াই তাদের লক্ষ্য।