জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সঠিক মাপ নিরূপণে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময়ে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বিমানবন্দর সংলগ্ন কামিনি ফিলিং স্টেশন ২০ হাজার টাকা এবং বরিশাল নগরীর গড়িয়ারপার এলাকায় সারা ফিলিং স্টেশনে ৫ হাজার টাকা জরিমানা করে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস বলেন, মাপে কম দেওয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। এসময় সারা ফিলিং স্টেশনের ম্যানেজারকে মেশিন ঠিক করার জন্য সময়সীমা নির্ধারণ এবং কামিনি ফিলিং স্টেশনের ম্যানেজারকে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, পরিদর্শক আলামিন সরকার এবং মেট্রোপলিটন পুলিশের টিম উপস্থিত ছিলেন।