চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে।
রোববার (২০ সেপ্টেম্বর) এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে রহমত উল্লাহ ও ওই নারীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে তারা অবগত ছিলেন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা দুজন একসঙ্গে চলে যান। এরপর থেকে তাদের মুঠোফোন বন্ধ রয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। রহমত উল্লাহ শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক বলে জানা গেছে।
এদিকে অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তারা বর্তমানে কোথায় রয়েছেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’