দখিনের সময় ডেস্ক:
বরিশালের উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে বাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে বাবাকে দেখতে ছুটে আসে তার শিশুকন্যা। খুঁটির সঙ্গে বাবাকে বাঁধা অবস্থায় দেখে স্থানীয় একটি দোকান থেকে চা ও রুটি কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়ায় সে। বাবা-মেয়ের এই দৃশ্য উপস্থিত মানুষের মধ্যে আবেগের সৃষ্টি করে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
পরদিন শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে তার শিশুকন্যা। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে বাজারের একটি দোকান থেকে চা ও রুটি কিনে আনে। এরপর সারা রাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।
এ সময় উপস্থিত এক যুবক মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে শিশুটিকে খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দিতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা দেখা গেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
উজিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।