দখিনের সময় ডেস্ক:
কুমিল্লার দেবিদ্বারে হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতককে প্রেমিকের হাতে তুলে দিয়ে এক তরুণী চলে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা হিসেবে পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নেয় পুলিশ।
গত ১৯ সেপ্টেম্বর দুপুরে দেবিদ্বারের দি-দেবিদ্বার স্কোয়ার হাসপাতালে ভর্তি হন লিজা আক্তার। সেখানে স্বাভাবিক প্রসবে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। ওই দিন বিকেলে নবজাতককে মমিনের কাছে রেখে হাসপাতাল থেকে চলে যান তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের কবির হোসেনের মেয়ে লিজা ও একই এলাকার সাজু মিয়ার ছেলে মমিনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা না হলেও তাদের সম্পর্কের সূত্রে লিজা গর্ভবতী হন। দুই পরিবার শুরুতে সম্পর্ক ও সন্তানকে মেনে নিতে অনাগ্রহী ছিল। পরে বিষয়টি জানাজানি হলে ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মমিনকে পুলিশ হেফাজতে নেয়। বর্তমানে নবজাতকটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসাইন জানান, শিশু আইন, ২০১৩ অনুযায়ী পরিবারের কেউ শিশুটিকে নিতে চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় শিশুটিকে সরকারি হেফাজতে নেওয়া হবে। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, উভয় পরিবারের সঙ্গে আলোচনা চলছে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন করে শিশুটিকে বাবা-মায়ের যৌথ জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।