1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ ও বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

dokhinersomoy
October 11, 2026 12:29 am
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥

বরিশালে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ- একজন পুলিশ সদস্যের সহযোগিতায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছেন বিসিসি’র সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ।

শনিবার (১০ অক্টোবর) সকালে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের উমেদার নাসির হাওলাদার। তিনি নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী আহমেদ মোল্লা সড়ক এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের ও স্ত্রীর কষ্টার্জিত সম্পদ রক্ষার পাশাপাশি পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে নাসির হাওলাদার বলেন, ‘রূপাতলী এলাকায় নিজের নামে এবং স্ত্রীর নামে ২০১৫ সালে ১০ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি তারা ভোগ দখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে ভবন নির্মাণ করতে সিটি করপোরেশন থেকে প্ল্যান অনুমোদন পেয়েছেন। জমির খাজনা পরিশোধও করেছেন। কিন্তু হঠাৎ করেই ওই জমি নিজের দাবি করেন পুলিশের এএসআই গোলাম কিবরিয়া।

তিনি বলেন, গত ৬ অক্টোবর সকালে জমিতে স্থাপনা নির্মাণ শুরু করার মুহূর্তে মেহেন্দিগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে ৫০-৬০ জন লোকজন গেট, হোল্ডিং ও অন্যান্য স্থাপনা নির্মাণের মাধ্যমে জমির দখল নেওয়ার চেষ্টা করে। পরে এএসআই গোলাম কিবরিয়া জমি দখল নিতে সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদের সঙ্গে একটি চুক্তিনামা স্বাক্ষর করে পাওয়ার অফ এ্যাটর্নি দেন। সেই পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষমতা বলে কাউন্সিলর ফিরোজ আহমেদ ওই জমি দখলের পায়তারা চালান বলে অভিযোগ করেন নাসির।

নাসির হাওলাদারের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের তৎপরতায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও তাৎক্ষণিক প্রতিকার পাননি। জমি নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর পরিবার উদ্বেগের মধ্যে রয়েছেন বলে দাবি করেন।

নাসির অভিযোগ করেন, আগেও তার মালিকানা জমিতে থাকা বিভিন্ন মালামাল লুট হয়েছে। সে সময় থানায় অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। বর্তমানে জমির দখল নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হওয়ায় পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এসময় জমিসংক্রান্ত বিরোধে প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার কারণে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাসির হাওলাদার। পাশাপাশি জমি নিয়ে বিরোধের পূর্ববর্তী ঘটনাবলি এবং সংশ্লিষ্ট দাপ্তরিক প্রক্রিয়ার প্রমাণপত্র ও বিবরণ অভিযোগপত্রে তুলে ধরেছেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে মেহেন্দিগঞ্জ থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম কিবরিয়াকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি।

অন্যদিকে ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফিরোজ আহমেদ। তিনি বলেন, “এখন একটি সালিশিতে ব্যস্ত আছি। পরে সরাসরি সাক্ষাতে কথা হবে”।

উল্লেখ্য, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের শ্বশুর ফিরোজ আহমেদ। মহানগর বিএনপির সহ-সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি থাকাবস্থায় ২০২৪ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এজন্য দলের হাইকমান্ড থেকে তাকে আজিবনের জন্য বহিস্কার করা হয়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয় বিএনপি।