বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বরিশালে বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মঞ্জুর, এমপি নতুন থানা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ উপস্থিত ছিলেন। এ সময় বিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন থানা ভবন নির্মাণের উদ্যোগকে বন্দর থানার কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে থানার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর এবং বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বন্দর থানা পরিদর্শন করেন। তারা থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি বিদ্যমান ভবন ও অবকাঠামোর বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় থানার দৈনন্দিন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কর্মকর্তা ও সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা। নতুন ভবন নির্মাণের মাধ্যমে থানার কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।