দখিনের সময়।।
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন স্থানে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে মহানগর বিএনপি, জেলা শ্রমিক দল ও বরিশাল সদর উপজেলা বিএনপি।
সকালে নগরীর জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল মহানগর বিএনপি। এতে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বরিশাল জেলা শ্রমিক দল। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
একই সময়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বরিশাল সদর উপজেলা বিএনপি। পরে সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাইফুল ইসলাম আব্বাসসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের দাবি, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের প্রতিহত করার ঘোষণা দেন তারা। এ সময় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।