বরিশাল প্রতিনিধি:
বরিশাল মহানগরীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কাউনিয়া থানা পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে আজ সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়। কাউনিয়া থানার বিশেষ আভিযানিক দল কাউনিয়া ব্রাঞ্চ রোড, মনসা বাড়ি গলি, কাউনিয়া প্রধান সড়ক ও নাজিরেরপুলসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে।
পুলিশের এ অভিযানের লক্ষ্য চিহ্নিত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ করা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
মহানগরীতে অপরাধ দমনে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।