বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মিড ডে মিলের ডিম সেদ্ধ করার ফুটন্ত গরম পানিতে পড়ে মাহফুজুর রহমান (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে। গত রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ডিম সেদ্ধ করা হচ্ছিল। ডিম সেদ্ধ করার পর ফুটন্ত গরম পানি অন্যত্র সরিয়ে নেওয়ার সময় মাহফুজুর রহমান অসাবধানতাবশত ওই পানিতে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
খাবার প্রস্তুতের সময় গরম পানি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনায় আরও সতর্কতা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর হক বলেন, “মিড ডে মিলের ডিম সেদ্ধ করার পর গরম পানি অন্যত্র সরিয়ে নেওয়ার সময় মাহফুজুর রহমান অসাবধানতাবশত ওই পানিতে পড়ে দগ্ধ হয়।”
বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতার হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”