বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবুয়াল খায়ের মোহাম্মদ শোয়েব বাশরি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফিরোজ আলম ও বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির,বিএনপি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল মামুন।
এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন, শৃঙ্খলা, অবকাঠামোগত সমস্যা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শিক্ষক ও অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরাও তাদের বিভিন্ন প্রত্যাশা ও প্রয়োজনের কথা জানায়।
সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শুধু শিক্ষক বা পরিচালনা কমিটির ভূমিকা যথেষ্ট নয়; শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে সুন্দর ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবুয়াল খায়ের মোহাম্মদ শোয়েব বাশরি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।