দখিনের সময়।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে একদিনে প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৮৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি ২৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউস এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানকর্মীদের জুতায় মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীর গতিবিধি রানওয়েতে সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি এবং এর বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস।
বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের বিষয়টি সামনে আসার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে কাস্টমস গোয়েন্দারা। এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না এবং থাকলে ওই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
যাত্রীর শরীর থেকে উদ্ধার ৪.৫ কেজি স্বর্ণ
অন্যদিকে, রোববার দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।
আটক যাত্রীর নাম মি. ইয়াং ডন সিউ। তিনি মালয়েশিয়ার নাগরিক।
কাস্টমস সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর থেকেই ওই যাত্রীর ওপর নজরদারি রাখা হয়। পরে তিনি ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে নয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়। স্বর্ণবারগুলো একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানা গেছে।
কাস্টমস সূত্র আরও জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কোনো নথি বা দলিলও তিনি দেখাতে পারেননি।
দুটি ঘটনায়ই ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।