দখিনের সময় ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশে যাচ্ছিল ‘আলম এশিয়া’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। একই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা লচনা এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হলেও চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অপর দুই নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জয় সিংয়ের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। অন্য দুজনের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। মরদেহগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।