কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন বলে উল্লেখ করা চারটি প্রতিষ্ঠানসহ রাজধানীর কয়েকটি বার ও প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বিভিন্ন সংস্থা।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, র’ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জে এ অভিযান শুরু হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এ অভিযানের সমন্বয় করছে।
সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার কয়েকটি বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি-ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগ অনুসন্ধানে সিআইআইডির পক্ষ থেকে চারটি দল গঠন করা হয়। এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা এসব দলের সঙ্গে অভিযানে অংশ নিচ্ছেন।
অভিযানের বিষয়ে এনবিআরের কর্মকর্তারা শেখ নূর ইসলামকে সংশ্লিষ্ট ওয়্যারহাউজের মালিক হিসেবে উল্লেখ করেছেন। তবে ফু-ওয়াং কর্তৃপক্ষ দাবি করেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে শেখ নূর ইসলাম বা তার পরিবারের কোনো ধরনের সম্পর্ক নেই।
সম্প্রতি ঢাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের একটি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হওয়ার পর শেখ নূর ইসলাম ও তার পরিবারের আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হলো।