1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

স্মৃতির পাতায় বরিশাল!

dokhinersomoy
October 8, 2026 6:36 pm
Link Copied!

“ধান, নদী, খাল—এই তিনে বরিশাল”—কত পুরোনো সেই পরিচিত কথাটি! অথচ সময়ের স্রোত বয়ে গেলেও এই কথার মায়া আজও ফুরোয়নি। বরিশাল যেন আমার কাছে শুধু একটি শহর কিংবা একটি ভূখণ্ডের নাম নয়; বরিশাল আমার শিকড়, আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন এবং আমার অসংখ্য অনুভূতির নাম।
এই শহরের মাটি, বাতাস, নদীর ঢেউ, সবুজের বিস্তার আর পরিচিত পথগুলোতে আমার জীবনের কত গল্প যে ছড়িয়ে আছে—তার হিসাব হয়তো কোনোদিন করা সম্ভব নয়। জীবনের প্রয়োজনে পৃথিবীর বহু দেশ ঘুরেছি, বহু শহরের সৌন্দর্য দেখেছি, কত অচেনা পথ পেরিয়েছি; কিন্তু যত দূরেই যাই, যত নতুন সৌন্দর্যের দেখা পাই, আমার হৃদয়ের এক গোপন কোণে বরিশাল ঠিকই নীরবে বসে থাকে।
কেন জানি, বরিশালকে মনে পড়লেই বুকের ভেতর কেমন এক অদৃশ্য টান অনুভব করি। মনে হয়—এই তো আমার আপন ঠিকানা, এই তো আমার চেনা আকাশ, এই তো সেই মাটি, যার সঙ্গে আমার অস্তিত্বের অদৃশ্য বন্ধন।
পৃথিবীর কত মাটি পায়ের নিচে পড়েছে, কিন্তু বরিশালের মাটির মতো আপন আর কোনো মাটি হয়ে উঠতে পারেনি।
এই মাটিকে আমি কীভাবে ভুলে থাকি?
এই মাটিতেই তো আমার শৈশবের হাসি, কৈশোরের দুরন্ত দিন, যৌবনের স্বপ্ন আর জীবনের কত না বলা গল্প মিশে আছে। মিশে আছে আমার জীবনের ১১ টি বছর মহাত্মা অশ্বিনী কুমার দত্ত  এর প্রতিষ্টিত বরিশালের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিএম কলেজ এর অগণিত স্মৃতি। তাই আমার একান্ত ইচ্ছা—জীবনের শেষ প্রান্তে এসে আবারও যেন এই প্রিয় বরিশালের মাটির কাছেই ফিরে আসতে পারি। এই মাটিই হোক আমার শেষ ঠিকানা—শুধু ক্ষণিকের জন্য নয়, অনন্তকালের নীরব ঠিকানা হিসেবে।
শৈশবে যে বরিশালকে দেখেছিলাম, আজকের বরিশাল তার চেয়ে অনেক বদলে গেছে। সময় তার চেহারায় নতুন রং এঁকেছে, উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে পথ-ঘাট, নগরজীবন ও চারপাশের দৃশ্যপট। তবুও পুরোনো বরিশালটি আমার হৃদয়ের ভেতর আজও আগের মতোই বেঁচে আছে।
আর তাই আজকের বরিশালকে যখন দেখি, তখন পুরোনো স্মৃতির সঙ্গে নতুন সৌন্দর্যের এক অদ্ভুত মিলন ঘটে। চোখের সামনে বর্তমান, আর হৃদয়ের ভেতর ফিরে আসে অতীত। সময় যেন তখন থমকে দাঁড়ায়—আমি একসঙ্গে হয়ে যাই আমার শৈশব, কৈশোর ও আজকের আমি।
আজ বরিশালের পথে হাঁটতে হাঁটতে মনে হলো—আমরা যদি একটু ভালোবাসতে শিখি, একটু ক্ষমা করতে শিখি, হিংসা-বিদ্বেষ ও বিভেদের দেয়ালগুলো যদি ভেঙে ফেলতে পারি, তাহলে এই বরিশাল শুধু সুন্দর শহর হবে না; এটি হয়ে উঠবে মানুষের ভালোবাসায় গড়া এক স্বপ্নের নগরী।
আসুন, আমরা সবাই মিলে আগামী প্রজন্মের জন্য এমন একটি বরিশাল রেখে যাই—যেখানে থাকবে শান্তি, সম্প্রীতি, মানবিকতা, সৌন্দর্য ও ভালোবাসা। এমন একটি বরিশাল, যার গল্প শুনে আমাদের সন্তানরা গর্ব করবে; আর একদিন দূরে কোথাও দাঁড়িয়ে তারাও বলবে—
“আমারও একটি বরিশাল আছে,
যেখানে ফিরে যেতে ইচ্ছে করে বারবার।”
আজ বরিশালের একটি সৌন্দর্য নিজের চোখে দেখে হঠাৎ করেই মনটা আবেগে ভরে উঠল। তাই স্মৃতির পাতায় নিজের অজান্তেই লিখে রাখলাম কয়েকটি কথা।
কবি জীবনানন্দ দাশের বরিশাল, কবি সুফিয়া কামালের বরিশাল, শেরেবাংলা এ. কে. ফজলুল হকের বরিশাল— আর আধুনিক বরিশালের রূপকার ও স্বপ্নদ্রষ্টা শওকত হোসেন হিরনের বরিশাল—
সেই বরিশাল আরও সুন্দর হোক, আরও মানবিক হোক, আরও মহিমান্বিত হোক।
আমার হৃদয়ের গভীর থেকে শুধু একটি প্রার্থনা—
“বরিশাল বেঁচে থাকুক তার সৌন্দর্যে,
তার মানুষের ভালোবাসায়,
আর আমার মতো অগণিত মানুষের হৃদয়ের গভীরতম স্মৃতিতে।”