২৭ নভেম্বর
রাজনৈতিক
সংলাপ
রাজনৈতিক অঙ্গনে ধারণা ছিলো, জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ তার শাসনামলের গুম, খুনসহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইবে। কিন্তু দলটির নেতৃত্বের কোনো পর্যায় থেকেই তেমন আত্মসমালোচনা বা অনুশোচনা দেখা যায়নি; বরং শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর সহিংসতা ও নাশকতার মধ্য দিয়ে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে বিএনপির নেতাদের অভিযোগ। অনেকেই মনে করেন, আওয়ামী লীগ একটি ভয়ংকর রাজনৈতিক দলে পরিণত হয়েছে। লাশের রাজনীতিতে বেড়ে ওঠা এই দলটির পক্ষে সুস্থ ধারার রাজনীতি করা আর সম্ভব নয়। আওয়ামী লীগ একটি ভয়ংকর রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হয়েছে।
এদিকে পর্যবেক্ষক মহল মনে করছেন, আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা শুধু সরকারের জন্য নয়, গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর জন্যও চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর কোন বিকল্প নেই। প্রসঙ্গত, ১৮ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির এক ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান একান্তে কথা বলেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এরপর সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য দেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সর্বদলীয় গণমিছিল করার প্রস্তাব দেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তাব দেন। খুব শিগগির রাজনৈতিক সংলাপ আয়োজনের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার বলে জানা গেছে।
এদিকে কারো মতে, প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো ইতিবাচক সাড়া দিলেও তাদের অবস্থান শর্তযুক্ত। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে গতকাল বৈঠক করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক বলেন, সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল কথা হচ্ছে চব্বিশের চেতনায় ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আসা। এর জন্য তো সরকারকে চব্বিশের আকাঙ্ক্ষা, গণভোটের রায় বাস্তবায়নের পথে আসতে হবে। শুরু থেকেই সরকার এটি করতে পারত। সেটি করলে আজকে ফ্যাসিবাদীদের মাথা তোলার যে চেষ্টা, সেটির সুযোগই ছিল না।
সরকারের ভেতরে বেইরের সূত্রগুলোর মূল্যায়ন, আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা চাইছেন, নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগ। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্য নয়; এর রাজনৈতিক লক্ষ্যও রয়েছে বলে তাঁরা মনে করছেন।