দখিনের সময় ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটির নির্মাণকাজ চলছে। মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির এন্টারপ্রাইজ (জেবি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু করে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেতুর ওয়াকওয়ে ও ফুটপাতের স্ল্যাবে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাই শুরু করলে স্থানীয়রা বিষয়টি দেখতে পান এবং বাধা দেন। এ সময় কাজ বন্ধ হলেও পরে আবার রাতে ঢালাইয়ের কাজ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলম ও সাব-ঠিকাদার শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার দুপুরে মাইজখাড়া সেতুর কাছ থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং কাজের ত্রুটি ও গাফিলতির বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ ছাদেকও সেতুটি পরিদর্শন করেন। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, ল্যাব টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মামলার প্রধান আসামি ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।