বরিশাল প্রতিনিধি:
গুরুতর অসুস্থ চরবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের বাবা মো. মোতালেব হাওলাদার ওরফে মতি মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বরিশালের রয়েল সিটি হাসপাতালে যান তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের নেতারা।
রোববার (২৮ সেপ্টেম্বর) তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এস এম মাইনুল হাসানের নেতৃত্বে নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে অসুস্থ মোতালেব হাওলাদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সিনিয়র সভাপতি মাহামুদুল হাসান মিলন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হোসেন রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুম্মান প্যাদা ও অন্যান্য নেতৃবৃন্দ।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রায় ৪০ বছর ধরে মো. মোতালেব হাওলাদার ওরফে মতি মিয়া চরবাড়িয়ার তালতলী বাজারে ডেকোরেটরের ব্যবসা করে আসছেন। তাঁর ছেলে মো. নুরুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় বিভিন্ন সময়ে তাদের ওপর রাজনৈতিক হয়রানি ও হামলার ঘটনা ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
তাদের অভিযোগ, ২০১৬ সালের জাতীয় নির্বাচনের পর তৎকালীন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহতাব হোসেন সুরুজের বিরুদ্ধে নুরুল ইসলাম ও তাঁর পরিবারের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় নুরুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরেরও অভিযোগ করা হয়।
পরিবারের দাবি, পরবর্তীতে নুরুল ইসলামকে লক্ষ্য করে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। ওই সময় তাঁকে না পেয়ে তাঁর বাবা মো. মোতালেব হাওলাদার ওরফে মতি মিয়াকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। হামলায় আহত হয়ে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।
এদিকে, নুরুল ইসলাম রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলে তাঁর স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
বর্তমানে মো. মোতালেব হাওলাদার বরিশালের রয়েল সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।