• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা ধরতে পারে কুকুর

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৩১, ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ণ

দখিনের সময় ডেস্ক:

বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণী হিসেবে কুকুরের সুখ্যাতি বিশ্বজুড়ে। তবে মানুষের মিথ্যা ও প্রতারণা ধরতেও এই প্রাণীটি এগিয়ে আছে। এ তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অব ভিয়েনার একদল গবেষক।

গবেষকরা বিভিন্ন প্রজাতির ২৬০টি কুকুরের গতিবিধি পর্যবেক্ষণ করে সম্প্রতি রয়েল সোসাইটির বি জার্নালে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। গবেষকরা প্রতিটি কুকুরের সামনে দুটি বাটি রাখেন। এর একটির নিচে খাবার রাখা ছিল। এর পর একজন মানুষ খাবারসহ বাটির প্রতি কুকুরকে নির্দেশ করেন। কুকুরটি বাটি পর্যবেক্ষণ করে, এর পর ওই বাটির কাছে যায় এবং খাবার খায়।

এর পর আরেকজন মানুষ এসে খাবারসহ বাটি অদলবদল করে চলে যান। প্রথমজন আগে যে বাটির নিচে খাবার ছিল, সেখানেই রয়ে যান এবং কুকুরকে সে বাটির দিকে আসতে নির্দেশ দেন। পর্যবেক্ষণ প্রক্রিয়ায় অংশ নেওয়া অর্ধেক কুকুর এ মিথ্যা নির্দেশনা বুঝতে পারে। প্রভুভক্ত হলেও উপেক্ষা করে নির্দেশনা। নিজের পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে খাবারসহ বাটি বেছে নেয় অর্ধেক কুকুর।

একই পর্যবেক্ষণ পাঁচ বছরের কম বয়সী মানবশিশু, বানর ও শিম্পাঞ্জির ওপরও করেছেন গবেষকরা। তাতে দেখা গেছে, মানুষের মিথ্যা কিংবা প্রতারণামূলক নির্দেশনা মানবশিশু ও এসব প্রাণীর তুলনায় কুকুর ভালোভাবে শনাক্ত করতে পারে।