• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোয়া চার ঘন্টার অভিযানে আটক পরীমনিকে তোলা হয় মাইক্রোবাসে

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৪, ২০২১, ২১:১১ অপরাহ্ণ
সোয়া চার ঘন্টার অভিযানে আটক পরীমনিকে তোলা হয় মাইক্রোবাসে

দখিনের সময় ডেস্ক:

পরীমনির বাসায় আজ বুধবার(৪আগস্ট) প্রায় সোরা চার ঘন্টার অভিযান শেষে রাত সোয়া আটটার দিকে তাকে একটি সাদা মাইক্রোবাসে তোলা হয়। তাকে নিয়ে যাওয়া হয়েছে র‌্যাব সদর দপ্তরে।  এর আগে বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান শুরু করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। অভিযানের সময় পরীমনির বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়।

বাসা থেকে বের করার পর পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে তোলার সময় সেখানে বিপুল পরিমাণ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অভিযান শুরুর আগে পরীমনির বাসার গেটের বাইরে র‌্যাবের সদস্যরা অবস্থান নেন। প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমনি। পরে র‌্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। এরপর র‌্যাব সদস্যরা তার বাসার ভেতরে প্রবেশ করেন।

অভিযানের একটি সূত্র জানায়, পরীমনির বাসার যাবতীয় আসবাবে থরে থরে বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি ব্র্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে। ফ্রিজভর্তি ছিল নামি-দামি ব্র্যান্ডের মদ। এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে সর্বনাশা মাদক ইয়াবাও।

এর আগে অভিযান শুরুর প্রথমে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’পরীমনি বলেন, ‘পুলিশ হলে তো দরজা খুলেই দেব। কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক। আমি লাইভ কাটব না। সবাই দেখুক। সবাইকে দেখায় দেব, এরা কী কী করে।’

অভিনেত্রী বলেন, ‘ভাই আপনারা কিছু দেখতেসেন না, কিছু বলতেসেন না। আমি যে কী পরিমাণ সিক। তিন দিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কী আসবেন? একটু দেখবেন, এরা কারা। লিটারেলি আমার দরজা ভাঙচুর করতেসে।’