দখিনের সময় ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের এক নারী ইনফ্লুয়েন্সার, বয়স ৩০ বছর। তার বাগদান সম্পন্ন হয়েছে নারী ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে। সপ্তাহখানেক আগে আউরিয়া জেলার একটি বিউটি পার্লারে তাদের বাগদান হয়। ৭৫ বছর বয়সী রামসুগহার সাহার এলাকার আরিয়ারি গ্রামের বাসিন্দা। অন্যদিকে পাত্রী রিনা রাজপুত থাকেন দয়ালপুর এলাকায়। পারিবারিকভাবে তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
রিনা বলেন, নবরাত্রি উৎসবের পর তারা বিয়ে করবেন। এরই মধ্যে তাদের বাগদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নানা রকম মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। রামসুগহার বলেন, রিনা গত দুই বছর ধরে তাদের বাড়িতে আসা-যাওয়া করেন। এ সময় তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে।রামসুগহারের মেয়ে রাধা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন। তিনি জানান, সাত বছর আগে তার মা মারা গেছেন।
রিনা নিয়মিত তাদের বাড়িতে আসতেন এবং তারা একসঙ্গে ভিডিও তৈরি করতেন। সময়ের সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রিনা। রিনা বলেন, হবু স্বামীর সঙ্গে ৪৫ বছর ব্যবধান নিয়ে কোনো আপত্তি নেই তার। নিজের সিদ্ধান্তে তিনি খুবই খুশি। শিগগিরই তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া