দখিনের সময় ডেক্স:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়া হচ্ছে। অথচ সরকারি নির্দেশনায় প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানির সীমা নির্ধারণ করা আছে। জ্বালানি বরাদ্দের নিজস্ব নীতিমালাও নেই করপোরেশনের।
করপোরেশনের অন্তত ৭৬ জন কর্মকর্তা গাড়ি ব্যবহার করেন। প্রত্যেকের একটি গাড়িতে মাসে ২৫০ লিটার জ্বালানি এবং নথিতে থাকা সর্বোচ্চ দর ধরে হিসাব করলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় হতে পারে বলে হিসাব পাওয়া গেছে। জানাগেছে বরাদ্দ তেলের বড় অংশ বিক্রি করে দেন চালকদের একাংশ। কর্মকর্তাদের কেউ কেউ তা জেনেও নীরব থাকেন বলে অভিযোগ আছে। তাঁদের কেউ কেউ দাপ্তরিক কাজের বাইরে নিজেদের ও পরিবারের প্রয়োজনে চালকসহ গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সেও কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্য পাওয়া গেছে। করপোরেশনের একাধিক কর্মকর্তার ভাষ্য, বছরের পর বছর এভাবেই চলছে জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যানবাহনে জ্বালানি ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা না থাকা ও অতিরিক্ত তেল ব্যবহারের বিষয়ে জানতে চােইলে সংস্থাটির প্রশাসক আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, সরকারের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ কারও নেই। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আবদুস সালাম।