দখিনের সময় ডেক্স:
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এটা পত্রিকায় পড়েছি। এখনো পর্যন্ত পোস্টমর্টেম চলছে। আর একটা প্রাথমিক তদন্ত হবে। তারপরে কথা বলা যাবে। এই মুহূর্তে কথা বলতে চাই না। আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের পোস্টমর্টেম হচ্ছে। আমি সবকিছু জেনে তারপরে কথা বলব।’ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চান সাংবাদিকরা। জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক আলোচনা চলছে দেশ জুড়ে। রহস্যজনক এই মৃত্যু ঘিরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চাঞ্চল্যকর এ ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও। এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা জোরদার, জনবল বৃদ্ধি এবং যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জামে বাহিনীকে সুসজ্জিত করার কাজ চলছে। সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফেসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমাণয়ে পুলিশ আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে।