দখিনের সময় রিপোর্ট:
সাবেক স্ত্রীর গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. খালিদ পারভেজ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনা ঠাকুরগাঁওয়ে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খালিদ পারভেজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। পরে ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাকে তালাক দেন খালিদ। তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে খালিদ নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর গোপন ছবি ও ভিডিও প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। মামলার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩, মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল বৃহস্পতিবার(১২ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর খালিদ পারভেজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।