স্টাফ রিপোর্টার ॥
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্নিল আয়োজনে বরিশালের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় বরিশাল (আরওবি)’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। কেক কাটা, আলোচনা ও ভোজসভার মধ্য দিয়ে বরিশাল বৃদ্ধাশ্রমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এছাড়াও বরিশাল বৃদ্ধাশ্রমের পরিচালক শাখওয়াত হোসেন, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান, বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার, রেড ক্রিসেন্ট বরিশাল জেলা যুব প্রধানসহ বিভিন্ন জেলা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ। এ কাজে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করতে হবে। আক্রান্ত মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নতি হবে। তিনি সংগঠনের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরপর কেক কেটে আগত স্বেচ্ছাসেবী সংগঠনদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন তিনি।