• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর ইতিহাসের একটি কালো দিন: তথ্যমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০, ১৮:০৯ অপরাহ্ণ
৭ নভেম্বর ইতিহাসের একটি কালো দিন: তথ্যমন্ত্রী

দখিনের সময় ডেক্স:

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি কালো দিন এবং সৈনিক ও অফিসার হত্যা দিবস। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এই দিনকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে অথচ প্রকৃতপক্ষে ১৯৭৫ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হুদা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হায়দারসহ বহু সৈনিক ও অফিসারকে হত্যা করা হয়েছিল। এমনকি যে কর্নেল তাহের বন্দীদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন, সেই পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকেও জিয়া পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, হত্যার রাজনীতির মাধ্যমেই যে বিএনপির অভ্যুদয়, তা তারা এদিনটি যেভাবে পালন করে, তাতেই প্রমাণ হয় এবং এদিনই আসলে জিয়াউর রহমান বহু সৈনিক ও অফিসারের রক্তের ওপর দাঁড়িয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন’ বলেন ড. হাছান। তিনি বলেন, জিয়া প্রথমে তার মনোনীত বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক পদে রাখেন কিন্তু উপ-প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ক্ষমতা ছিলো তার হাতেই। তিনি বলেন, জিয়া শুধু অবৈধভাবে ক্ষমতা দখল করাই নয়,সেই ক্ষমতা নিষ্কণ্টক রাখতে সেনা, নৌ ও বিমানবাহিনীর অফিসার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছিলেন।

বিএনপি নেতা গয়েশ্বর রায়ের মন্তব্যের জবাবে ড. হাছান বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই এখন লাইফ সাপোর্টে। কারণ তাদের নেতাদের ওপর কর্মীদের আস্থা নেই আর নেতাদের মধ্যে ঐক্য নেই।