• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সারি সারি লাশ, কবর খুঁড়ে চলেছে গোরখোদকরা!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১, ১৩:৩৪ অপরাহ্ণ
আবারও সারি সারি লাশ, কবর খুঁড়ে চলেছে গোরখোদকরা!

স্টাফ রিপোর্টার:

আবারও শুরু হয়েছে সারি সারি লাশের দাফন। এর সঙ্গে তাল রেখে গোরখোদকরা একটার পর একটা কবর খুঁড়ছেন। কার প্রিয়জন এই কবরে শায়িত হবেন তা তারা জানেন না। শুধু জানেন, করোনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের আবারও আগের মতো কবর খুঁড়তে হবে।

শতাধিক কবর আগে থেকেই তৈরি করে রেখেছেন গোরখোদকরা। দূরে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স। পাশে আরো একাধিক অ্যাম্বুলেন্স। স্বজনরা একটু দূরে দাঁড়িয়ে আহাজারি করছেন। কিন্তু কাছে যেতে পারছেন না। অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবীরা। পিপিই পরিহিত স্বেচ্ছসেবীরা একটু পর পর লাশ নামাচ্ছেন কবরে। বাঁশের চাটাই দিয়ে ঢেকে মাটি দেওয়া হচ্ছে। এরপরই সবাই স্যানিটাইজার স্প্রে করে প্রিয়জনকে রেখে কবরস্থান ত্যাগ করছেন। এ দৃশ্য রাজধানীর রায়েরবাজার কবরস্থানের। গত বছর মার্চ মাসে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর প্রথম দফায় খিলগাঁও তালতলা সরকারি কবরস্থানে মৃতদের দাফন শুরু হয়। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় ২৭ এপ্রিল থেকে রায়েরবাজার কবরস্থানে দাফন শুরু হয়।

রায়েরবাজার কবরস্থানের সিনিয়র মোহরার আব্দুল আজিজ বলেন, ২৭ এপ্রিল থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত করোনায় মৃত ৮৪২ জনের লাশ দাফন হয়। প্রতিদিনই পাঁচ থেকে ৮/১০ জন করে দাফন করা হয়। এরপর থেকে দাফনের সংখ্যা কমতে থাকে। নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সপ্তাহে একটি লাশের দাফন হয়। কিন্তু মার্চ মাস থেকে এই দাফনের সংখ্যা বাড়তে থাকে। প্রতিদিন দুই/তিন টির পর মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে পাঁচটি করে লাশ দাফন করা হয়। তবে ১ এপ্রিল থেকে প্রতিদিন গড়ে আট থেকে ১০টি লাশ দাফন করা হচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত পাঁচটি নিয়ে এ পর্যন্ত এই কবরস্থানে করোনায় মৃত ১০৮১টি লাশ দাফন করা হয়েছে।