• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১, ১৪:৩৮ অপরাহ্ণ
অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

দখিনের সময় ডেক্স:

রাজধানীতে নিজ বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টের দোলনচাঁপা ভবনের নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। উত্তরা ১৮ নম্বর সেক্টরের ওই বাসায় একাই থাকতেন ড. তারেক শামসুর রেহমান।

শনিবার সকালে বাসার কাজে নিযুক্ত গৃহপরিচারিকা এলেও ভেতর থেকে কেউ দরজা না খোলায় আশপাশের লোকজনকে খবর দেয় সে। পরে পুলিশ এলে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখা যায় বাথরুমের সামনে পড়ে আছেন তিনি। প্রতিবেশীরা জানান, শুক্রবারও বেশ প্রাণবন্ত ছিলেন তিনি। তাই হঠাৎ করে মৃত্যুর কোনো কারণ বলতে পারছেন না প্রতিবেশীদের কেউই।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী অধ্যাপক রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লিখতেন। প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে তার কলাম নিয়মিত ছাপা হতো।