• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে মোটরসাইকেলে হাসপাতালে নিয়ে যাওয়া সেই যুবক করোনা আক্রান্ত

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১, ২২:১৩ অপরাহ্ণ
পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে মোটরসাইকেলে হাসপাতালে নিয়ে যাওয়া সেই যুবক করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার:

পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে মোটরসাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া জিয়াউল হাসান নামে সেই যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তার করোনা শনাক্তের রিপোর্টে পজিটিভ আসে। তিনি ঝালকাঠির নলছিটি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা এলাকার নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন। এই মুহূর্তে শরীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই।

জিয়াউল হাসান কৃষি ব্যাংকের ঝালকাঠি শাখার কর্মকর্তা। তার মা রেহানা পারভিন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। গতবছর জিয়াউল হাসানের বাবা বীর মুক্তিযোদ্ধা হাকিম মোল্লা মারা যান।  জিয়াউল হাসানের মা রেহানা পারভিন সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ১৭ এপ্রিল মায়ের তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে মাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করান। সেখানে চিকিৎসার পর তার মা সুস্থ হলে শুক্রবার (২৩ এপ্রিল) তাকে নিয়ে বাড়িতে ফেরেন।

এর আগে ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ছয় দিন মায়ের সেবার জন্য করোনা ওয়ার্ডে তিনি ও তার ছোট রাকিবুল হাসান ইভান অবস্থান করেছেন। এতদিন করোনা ওয়ার্ডে অবস্থান করায় তার মনে সন্দেহ হয়। এ কারণে তিনি ও ছোটভাই ইভান দুজনই শনিবার(২৪ এপ্রি) দুপুরে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করান। করোনা শনাক্তের রিপোর্টে ছোট ভাই ইভানের নেগেটিভ আসে। তবে তার রিপোর্ট পজিটিভ আসে।