• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারও সহযোগিতা ছাড়া হাঁটতে পারছেন না খালেদা জিয়া

দখিনের সময়
প্রকাশিত মে ২, ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ণ
কারও সহযোগিতা ছাড়া হাঁটতে পারছেন না খালেদা জিয়া

দখিনের সময় ডেক্স:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারও সহযোগিতা ছাড়া হাঁটতে পারছেন না। চিকিৎসকেরাও তাকে নিয়মিত দেখেছেন। তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। গতকাল শুক্রবারও তার রক্তের পরীক্ষা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল, অনেকটাই ভালো। যদিও ওনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজও ডাক্তাররা তাকে দেখেছেন। কালও কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে বলেও জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর নতুন কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সব মিলিয়ে নতুন কিছু বলার মতো অবস্থায় নেই। তবে এখনো খালেদা জিয়া নিজে নিজে হাঁটতে পারেন না। হাঁটতে হলে তার কারও না কারও সহযোগিতা লাগছে। ব্যক্তিগত দৈনন্দিন কাজেও তার সাহায্যের প্রয়োজন হচ্ছে বলেও জানান তিনি। চিকিৎসক জাহিদ হোসেন আরও জানান, হাসপাতালের ভর্তির পর গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার আপডেট নিচ্ছে, নতুন কিছু করতে বলছেন। সেভাবেই হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

১১ এপ্রিল খালেদা জিয়ার করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কথা জানায় বিএনপি। পরদিন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরা সাংবাদিকদের জানান, গুলশানের বাসভবন ফিরোজায় আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৫ এপ্রিল দ্বিতীয়বার খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা জমা দেওয়ার পর আবারও পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।