‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬।
শনিবার বরিশালের রুপাতলী পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় ৮টি দলের অংশগ্রহণে (পুরুষ ও নারী বিভাগে চারটি করে) আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম পর্ব শেষে নারী ও পুরুষ—উভয় বিভাগের ফাইনালে মুখোমুখি হয় কোতোয়ালি থানা ও কাউনিয়া থানা কাবাডি দল।
বিকেলে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কোতোয়ালি থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাউনিয়া থানা কাবাডি দল। অন্যদিকে, পুরুষ বিভাগের ফাইনালে কাউনিয়া থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোতোয়ালি থানা কাবাডি দল।
নারী বিভাগে কাউনিয়া থানা কাবাডি দলের ঝর্ণা এবং পুরুষ বিভাগে কোতোয়ালি থানা কাবাডি দলের ইমাম শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
নারী ও পুরুষ বিভাগের ফাইনালে খেলোয়াড়দের মুহুর্মুহু আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দুর্দান্ত নৈপুণ্যে রুপাতলী পুলিশ লাইন্স মাঠে তৈরি হয় টানটান উত্তেজনা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, বিভিন্ন পেশাজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। এ সময় অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেশের ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডির প্রসার, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ ও কমিউনিটির মধ্যে আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি মাদকাসক্তি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।