• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকার জন্য মুনিয়াকে নির্যাতন করতেন নুসরাত ও তার স্বামী

দখিনের সময়
প্রকাশিত মে ২২, ২০২১, ০৮:১২ পূর্বাহ্ণ
টাকার জন্য মুনিয়াকে নির্যাতন করতেন নুসরাত ও তার স্বামী

বিশেষ প্রতিনিধি:

ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, টাকার জন্য মুনিয়াকে নির্যাতন করতেন নুসরাত ও তার স্বামী মিজানুর রহমান সামি। কয়েক দফা তাকে মারধর করা হয়েছে বলেও তদন্তকারীরা তথ্য পেয়েছেন। মামলার তদন্তে ঘুরেফিরে নুসরাতের প্রশ্নবিদ্ধ ভূমিকা সামনে আসছে।

জানা গেছে, তিনটি বিষয়কে সামনে রেখে তারা তদন্তে এগোচ্ছেন। প্রথমত মুনিয়ার মৃত্যুটি হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়ার আগে বাদী নুসরাত কীভাবে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছেন। বাদী কীভাবে নিশ্চিত হলেন যে, মুনিয়ার মৃত্যুর কারণ ছিল ‘আত্মহত্যা’। এছাড়া নুসরাত ও তার স্বামী নিজ নামে বাসা ভাড়া নিয়ে কেন এজাহারে সেই তথ্য গোপন করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, মুনিয়ার সঙ্গে নুসরাতের যেসব কথা হয়েছে, সেগুলো তিনি কেন গোপন করেছেন। এসব বিষয়ে নুসরাতকে ফের জেরা করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। শিগগিরই নুসরাতকে জেরার জন্য ডাকা হবে।

গত সপ্তাহে নুসরাতকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত দল। নুসরাত যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তার বক্তব্যে বেশকিছু অসংগতি পাওয়া গেছে। এ অসংগতির কারণে আবার তাকে জেরা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল মুনিয়ার বোন ও ভগ্নিপতির ভাড়া করা বাসা থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। ওই রাতেই গুলশান থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়। ওই ঘটনার কয়েক দিন পর গত ২ মে মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা মামলা করেন। দুটি মামলা মাথায় রেখে মুনিয়ার মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ।