• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বরখাস্ত হলেন সেই পুলিশ কমিশনার

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫, ১৯:০০ অপরাহ্ণ
এবার বরখাস্ত হলেন সেই পুলিশ কমিশনার
দখিনের সময় ডেস্ক:
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এর আগে, সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় দুই মাস আগে তাকে প্রত্যাহার করা হয়। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন নাজমুল করিম খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে। এর আগে, চলতি বছরের আগস্টে নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার ঘটনায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এরপর ১ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আসার নির্দেশ দেওয়া হয়।