• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হাদির  পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বোন পাচ্ছেন গানম্যান

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১৮:৩৩ অপরাহ্ণ
এবার হাদির  পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা,  বোন পাচ্ছেন গানম্যান
দখিনের সময় ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে ওসমান হাদির এক বোনকে অস্ত্রের লাইসেন্স ও একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (গানম্যান) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি ব্যবস্থা রাখা হবে।
সরকারি সূত্র জানায়, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সম্মুখসারির যোদ্ধা, আন্দোলনের সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। ইতিমধ্যে কয়েকজন জুলাই যোদ্ধাকে গানম্যান দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। নিরাপত্তা পাওয়ার তালিকায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের নাম রয়েছে। এ ছাড়া আরও কয়েকজন রাজনীতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন।
সূত্র জানায়, আবেদনের ভিত্তিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির মনোনীত প্রার্থী তানভির আহমেদ রবিন ও জাফির তুহিন, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের মতো কয়েকজনকে শিগগিরই গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হতে পারে।