
দখিনের সময় ডেস্ক:
বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে নির্বাচনের আগের রাতে অনধিকার প্রবেশের অভিযোগে নাসিরুল ইসলাম নামে এক জামায়াত নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাসিরুল ইসলাম বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাত ১০টার দিকে ওই ভোটকেন্দ্রে ১০-১৫ জন বহিরাগত ব্যক্তির প্রবেশের খবর পেয়ে তারা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। অভিযানে বাকিরা পালিয়ে গেলেও নাসিরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেন যে তিনি পোলিং এজেন্টদের তালিকা জমা দিতে সেখানে গিয়েছিলেন। তবে ম্যাজিস্ট্রেট স্পষ্ট জানিয়ে দেন, রাতের বেলা ভোটকেন্দ্রে এ ধরনের তালিকা জমা দেওয়ার কোনো আইনগত বিধান নেই।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন অভিযোগ করেন যে, তাদের কর্মীরা কেবল প্রিজাইডিং কর্মকর্তার কাছে এজেন্ট তালিকা দিতে গিয়েছিলেন।
Post Views: ১০