এনার্জিপ্যাক তাদের নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে মোহাম্মদ মাসুম পারভেজকে নিয়োগ দিয়েছে। সম্প্রতি এই নিয়োগ কার্যকর হয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সেখানে তাঁর কর্মদক্ষতা ও নেতৃত্বের স্বাক্ষর রাখেন।
নতুন দায়িত্বে মোহাম্মদ মাসুম পারভেজ এনার্জিপ্যাকের সামগ্রিক অপারেশনাল কার্যক্রম তদারক করবেন। প্রতিষ্ঠানের কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি, অপারেশনাল উৎকর্ষ নিশ্চিত করা এবং বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের সঙ্গে অপারেশনাল সক্ষমতাকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার অংশ হিসেবেই এ নিয়োগকে গুরুত্বপূর্ণ মনে করছে প্রতিষ্ঠানটি। সিবিও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এনার্জিপ্যাকের ব্যবসায়িক পরিসর সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং বাজারমুখী উদ্যোগ বাস্তবায়নে তাঁর নেতৃত্ব প্রতিষ্ঠানটির অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
চিফ অপারেটিং অফিসার পদে তাঁর পদোন্নতি এনার্জিপ্যাকের নেতৃত্বের প্রতি আস্থারই প্রতিফলন। এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের অপারেশনাল নেতৃত্ব আরও শক্তিশালী করতে চায় এবং আশা করছে, এর ফলে কর্মদক্ষতা বাড়বে ও দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এনার্জিপ্যাকের অবস্থান আরও সুদৃঢ় হবে।