• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ১৮:৫২ অপরাহ্ণ
গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময়  ডেস্ক:
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার ব্যবসায়ীদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই ঘোষণা দেন ব্যবসায়ীরা। বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বলেন, এলপি গ্যাসের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধ করা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে এমন দাবির ভিত্তিতেই আলোচনা হয়। পাশাপাশি ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
ব্যবসায়ীরা জানান, বৈঠকে বিইআরসি চেয়ারম্যান এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়েই তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, যেসব এলপিজি কোম্পানি বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে, তাদের আগামী সপ্তাহে আলোচনায় ডাকা হবে। চলমান সংকট নিরসনে কমিশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এলপিজি গ্যাসের বর্তমান সংকট আসন্ন রমজানের আগেই কেটে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস ব্যবসায়ীদের দাবিকে যৌক্তিক বলে মনে করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।