‘পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না’, শিক্ষামন্ত্রী
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জানান, কারিকুলাম পুনর্মূল্যায়ন করে আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে। ডিজিটাল লিটারেসি, ইংরেজি ভাষায় দক্ষতা এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সেকেলে শিক্ষাব্যবস্থা দিয়ে বর্তমান বিশ্বে টিকে থাকা সম্ভব নয়; প্রযুক্তিনির্ভর জ্ঞান ও আন্তর্জাতিক মানসম্মত কারিকুলাম প্রণয়নে সরকার কাজ করছে। শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, অতীতের দায় বর্তমান সরকার নেবে না; তবে তার দায়িত্বকালে কোনো অনিয়ম হবে না বলে তিনি আশ্বস্ত করেন। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভুক্তি সংক্রান্ত অভিযোগ যাচাই করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন। বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি সরকার অবগত আছে এবং যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগের অভিজ্ঞতার ভিত্তিতে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সর্বাত্মক নজরদারি জোরদার করা হবে।