• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোগলাই খেয়ে জমজ দুই বোনের মৃত্যু!

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৭, ২০২১, ০৭:৪৪ পূর্বাহ্ণ
মোগলাই খেয়ে জমজ দুই বোনের মৃত্যু!

দখিনের সময় ডেস্ক:

হোটেলের মোগলাই পরাটা খেয়ে জমজ বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জে শহরের কালীতলা মহল্লায় এ ঘটনা ঘটেছে। নিহত মৃত স্বর্ণা (১৭) ও সম্পা (১৭) ওই মহল্লার সাদিকুল ইসলাম রবির মেয়ে। তারা দুজনেই  নবাবগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণা ও বেলা দেড়টার দিকে সম্পা মারা যায়।

মৃতদের বাবা সাদিকুল জানান, সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার একটি হোটেল থেকে মোগলাই পরাটা এনে পরিবারসহ খান। এরপর রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা ও সম্পা এবং আত্মীয় সিফাত (২০) অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং সম্পা ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাড়ি আসার পরেই স্বর্ণা মারা যায়। অন্যদিকে সম্পার অবস্থা আশংকাজনক হলে মঙ্গলবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সম্পার মৃত্যু হয় ।

এদিকে শাহজাহান সুইটস নামে হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, ভোরে সাদিকুল ইসলাম এসে জানান, আমার হোটেলের মোগলাই খেয়ে নাকি তাদের পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়েছে। পরে বেলা ১০টার দিকে তিনি আবার জানান তার এক মেয়ের মৃত্যু হয়েছে। তবে সাদিকুল ইসলামের পরিবার ছাড়া আর কেউ আমার দোকানের মোগলাই খেয়ে অসুস্থ হননি। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।