দখিনের সময় ডেস্ক:
রাজমিস্ত্রির সহকারী ও পরে রিকশাচালক হিসেবে কাজ করতেন নাটোরের লালপুরের ওহিদুল মোল্লা। কয়েক বছর আগে রিকশা চালানো ছেড়ে হ্যাকিং ও ডিজিটাল প্রতারণায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পুলিশের ভাষ্য, অল্প সময়ের মধ্যেই এলাকায় ‘হ্যাকিং গুরু’ হিসেবে পরিচিতি পাওয়া ওহিদুল একটি চক্র গড়ে তোলেন। সম্প্রতি তাঁকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।
ওহিদুল মোল্লা (৩২) লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের প্রয়াত রব্বেল মোল্লার ছেলে। তাঁর চাচাতো ভাই সেন্টু মোল্লার ভাষ্য, বাবার মৃত্যুর পর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি ওহিদুল। মাদ্রাসার পড়াশোনা ছেড়ে দিনমজুরি এবং পরে রিকশা চালানো শুরু করেন তিনি। প্রায় পাঁচ বছর আগে রিকশা চালানো ছেড়ে স্থানীয় হ্যাকারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ কাজে জড়িয়ে পড়েন। পরে তাঁর অধীনে আরও কয়েকজন হ্যাকিং কার্যক্রমে যুক্ত হন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, হ্যাকিং ও ডিজিটাল প্রতারণার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। লালপুরের বিলমাড়িয়া এলাকায় পদ্মা নদীর তীরে তাঁর একটি পাকা বাড়ি ও খামার রয়েছে। কবুতরের ঘরের আড়ালে তৈরি করা একটি কক্ষে থাকার পাশাপাশি সেখানে হ্যাকিংয়ের কাজ চালানো হতো বলে পুলিশ জানিয়েছে। কক্ষটিতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, সিসিটিভি মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম ছিল। গ্রেপ্তার এড়াতে এবং পুলিশের গতিবিধি নজরে রাখতে বাড়ি থেকে গ্রামের প্রধান সড়ক পর্যন্ত অন্তত ২০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। হ্যাকিংয়ের কাজে সাতটি মুঠোফোনে অদলবদল করে ৬৮টি সিম ব্যবহার করা হতো। সিমগুলোর নম্বর আলাদা করে লিখে রাখা ছিল এবং বিভিন্ন লেনদেনের হিসাব সাংকেতিকভাবে সংরক্ষণ করা হতো।
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওহিদুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আলামিন (২৩) নামে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের এক পুলিশ কনস্টেবলও রয়েছেন। অভিযানে ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ৬৮টি সিম কার্ড, ১০৬টি ইয়াবা, দুটি মোটরসাইকেল ও ৩২ হাজার টাকা জব্দের কথা জানিয়েছে পুলিশ। হ্যাকিং ও মাদক ব্যবসার অভিযোগে পৃথক মামলা হয়েছে। পরে গ্রেপ্তার ছয়জনকে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওহিদুলের মাধ্যমে আরও অনেকে হ্যাকিং কার্যক্রমে যুক্ত হয়ে থাকতে পারেন এবং তাঁদের শনাক্তে তদন্ত চলছে।