দখিনের সময় রিপোর্ট:
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। এসব পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের মাঠপর্যায়ের জনবল বাড়বে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় পদগুলো রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব পদ সৃজন করা হয়েছে। এ-সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ থেকে নির্বাহ করা হবে। নিয়োগের পরবর্তী কার্যক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের শর্তাবলি এবং বিদ্যমান বিধিবিধান অনুসরণ করতে হবে। নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এ পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।
অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে গ্রেড-১৭-তে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।
চলমান নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।