দখিনের সময় রিপোর্ট:
বাংলাদেশের পর ভারতেও স্বর্ণের দাম কমেছে। দরপতনের প্রবনতা সারা বিশ্বেই। পর্যবেক্ষরা বলছেন, স্বর্ণের দাম আরো কমবে। ভারতের বাজারে জানুয়ারির সর্বোচ্চ অবস্থান থেকে স্বর্ণের দাম ৩২ শতাংশের বেশি কমে যাওয়ার ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, দরপতনের পর দ্রুত আগের অবস্থানে ফিরে আসার নিশ্চয়তা নেই। ভবিষ্যতে স্বর্ণের দামের গতিপথ নির্ভর করবে সুদের হারের পূর্বাভাস, মুদ্রার বিনিময়মূল্য, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা এবং বিনিয়োগকারীদের চাহিদা ফিরে আসার ওপর।
বিশ্লেষকদের মতে, স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে দ্রুত মুনাফার চিন্তা না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা প্রয়োজন। দীর্ঘ সময়ের হিসাবে স্বর্ণ মূল্যস্ফীতির চেয়ে বেশি মুনাফা দিতে পারে। তবে দাম কমার পরপরই দ্রুত বেড়ে যাবে, এমন প্রত্যাশা নিয়ে বিনিয়োগ করা ঠিক নয়। নতুন করে স্বর্ণ কিনতে চাইলে একবারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করে কয়েক ধাপে কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বাজারের অস্থিরতার মধ্যে ভুল সময়ে বড় বিনিয়োগের ঝুঁকি কিছুটা এড়ানো সম্ভব। একই সঙ্গে বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য, সামগ্রিক বিনিয়োগের ধরন এবং ঝুঁকি নেওয়ার সক্ষমতা বিবেচনায় রাখা জরুরি।
গোল্ডম্যান স্যাকসের সংশোধিত পূর্বাভাসে স্বর্ণের বাজারের স্বল্পমেয়াদি চাপের পাশাপাশি দীর্ঘমেয়াদি সম্ভাবনার বিষয়টিও উঠে এসেছে। উচ্চ সুদের হার আপাতত স্বর্ণের দাম বৃদ্ধিতে বাধা তৈরি করলেও ভবিষ্যতে সুদের হার কমলে এ ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আবারও বাড়তে পারে।