দখিনের সময় ডেস্ক:
চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল স্বর্ণের দাম। তবে কয়েক মাসের ব্যবধানেই ভারতের বাজারে মূল্যবান এই ধাতুর দাম ৩২ শতাংশের বেশি কমেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অতীতের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, বড় ধরনের দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ পর্যায়ে ফিরতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ১৯৯৬ ও ২০১২ সালের দরপতনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনামূলক মিল রয়েছে। ওই দুই সময়ে স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে ছয় বছরেরও বেশি সময় লেগেছিল।
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। গত জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম পাঁচ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠে রেকর্ড গড়েছিল। সেখান থেকে দাম কমেছে প্রায় ৩৬ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়েও নেমেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) ২১ নভেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় এক লাখ ৮০ হাজার রুপি থেকে কমে দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার রুপিতে। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সেই হিসাবে প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ৬৭ হাজার ৬৬১ রুপি।
স্বর্ণের বাজারে এমন বড় পতনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আগের অবস্থানে ফিরতে কতটা সময় লাগতে পারে। এ বিষয়ে ফান্ডসইন্ডিয়ার ‘ওয়েলথ কনভারসেশনস’ প্রতিবেদনে অতীতের বাজার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, বড় দরপতনের পর স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন পর্যায়ে নামতে গড়ে প্রায় দুই বছর আট মাস সময় নেয়। এরপর আগের সর্বোচ্চ দাম ফিরে পেতে আরও গড়ে চার বছর সাত মাস লাগতে পারে।
স্বর্ণের দাম কমার পেছনে কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী মার্কিন ডলার, দেশটির সরকারি বন্ডের মুনাফার হার বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা। এসব বিষয় স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণ ধরে রাখলে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না। বিপরীতে সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগের সুযোগ বাড়লে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকতে পারেন। ফলে স্বর্ণের চাহিদা কমে গিয়ে দামের ওপর চাপ তৈরি হয়। এ পরিস্থিতিতে স্বর্ণের ভবিষ্যৎ দাম নিয়ে নিজেদের পূর্বাভাসেও পরিবর্তন এনেছে বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য দাম ৫ হাজার ৬০০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৬৫০ ডলার নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। তাদের ধারণা, উচ্চ সুদের হার স্বল্পমেয়াদে স্বর্ণের দাম বাড়ার পথে বাধা হয়ে থাকতে পারে। তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকেরা। কেন্দ্রীয় ব্যাংকগুলোর নিয়মিত স্বর্ণ কেনা এবং ভবিষ্যতে সুদের হার কমে এলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে। এসব কারণে পরবর্তী সময়ে স্বর্ণের চাহিদা ও দাম আবারও বাড়ার সুযোগ রয়েছে।
অতীতের বাজারের দিকে তাকালেও দেখা যায়, বড় দরপতনের পর স্বর্ণের দাম আগের অবস্থানে ফিরতে দীর্ঘ সময় লেগেছে। কয়েক দশকে এমন দরপতনের নজির রয়েছে, যেখানে সর্বোচ্চ দাম থেকে ব্যাপকভাবে কমে যাওয়ার পর স্বর্ণের মূল্য পুনরুদ্ধারে প্রায় এক দশক সময় নিয়েছে।