দখিনের সময় রিপোর্ট:
ব্যবসায়ীর পিকআপের গতিরোধ করে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র আট ঘণ্টার মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া টাকার মধ্য থেকে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আবার প্রমানিত হলো, পুলিশ কি-না পারে!
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানার চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতভর মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মহাদেবপুর উপজেলার ডিমজাউন গ্রামের বাসিন্দা ও পিকআপচালক সোহেল রানা, ঈশ্বরলক্ষীপুর গ্রামের বাসিন্দা মো. রবিন (২৮) ও রামচরণপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মুন্না রহমান (৩৫)। এর মধ্যে রবিন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক এবং মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর সদর এলাকার এক ভাঙারি ব্যবসায়ী পিকআপে করে যাওয়ার সময় চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এ সময় তার সঙ্গে থাকা ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর ভাঙারি ব্যবসায়ী বিষয়টি জানালে মহাদেবপুর থানা-পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা ডিবি পুলিশ ও মহাদেবপুর থানা-পুলিশের যৌথ দল সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযান চালিয়ে ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই তিনজনকে আটক করা হয়।