দখিনের সময় রিপোর্ট :
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
ডরিনকে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ডরিনকে আদালতে হাজির করা হয়। এরপর পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক শাহাদাত হোসেন নাফিজ।
ডিবি জানায়, গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় বসবাস করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি। তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তা ডিবির দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।
২০২৪ সালের মে মাসে ভারতের কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ভবনে আনার হত্যার ঘটনা ঘটে।